ইতালিতে পরকীয়ায় ভাঙল প্রবাসী সংসার, ৩ সন্তানের মায়ের কান্নায় ভারী কমিউনিটি
- Update Time : ০৩:০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ৭৫ Time View
স্টাফ রিপোর্টার, ইতালি:
ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারীর অসহায়ত্ব, অনুশোচনা ও ভেঙে পড়া জীবনের চিত্র উঠে এসেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী ও তিন সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন ওই নারী। একটি সাজানো সংসার থাকা সত্ত্বেও তিনি এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে এলে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দেন এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনায় নিয়ে তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, আবেগের বশে জীবনের বড় ভুল করেছেন। স্বামী ও পরিবারের কাছে ক্ষমা চেয়ে আবার সংসারে ফিরে যাওয়ার আকুতি জানান। সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গভীর মানসিক কষ্টে রয়েছেন বলেও উল্লেখ করেন।
এদিকে, যার জন্য তিনি সংসার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই কথিত প্রেমিকও তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে তিনি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পুনরায় এমন হুমকিও দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমেও মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আলোচনায় বসতে রাজি হয়নি।
ঘটনাটি প্রবাসী বাংলাদেশি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একটি সামাজিক সতর্কবার্তা হিসেবে দেখছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসজীবনের একাকীত্ব ও আবেগপ্রবণ সিদ্ধান্ত অনেক সময় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একটি ভুল সিদ্ধান্ত একটি সংসারের পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ ও ব্যক্তিগত সম্মানকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।










